রোমে আটকে থাকা বিমান ত্রুটিমুক্ত, আজ ঢাকায় পৌঁছাবে

প্রকাশ:

কানাডার টরন্টো থেকে ঢাকা আসার পথে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি মেরামত করা সম্ভব হয়েছে। শনিবার ঢাকা থেকে বিমানের একটি প্রকৌশল টিম রোমে গিয়ে উড়োজাহাজটির ত্রুটি সারিয়ে সেটিকে উড্ডয়নের জন্য প্রস্তুত করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্যানুযায়ী, শনিবার রাত সোয়া ১টার দিকে কারিগরি ত্রুটি সমাধানের পর উড়োজাহাজটিকে উড্ডয়ন উপযোগী ঘোষণা করা হয়। এর আগে, প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশলীরা শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছান।

উল্লেখ্য, বৃহস্পতিবার টরন্টো থেকে ২৫৯ জন যাত্রী নিয়ে বিজি ৩০৫ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার রোম বিমানবন্দরে জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টাতেও ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের নামিয়ে নেওয়া হয় এবং তাদের হোটেল ও এয়ারপোর্ট লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজি ৩০৫ ফ্লাইটটি স্থানীয় সময় রোববার ভোর ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে এবং বেলা সাড়ে ১১টার দিকে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

শেয়ার করুন