প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার কক্সবাজার ও চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, রোববার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী মহেশখালীতে পৌঁছাবেন।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দরে এটি তার প্রথম সফর। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেবেন তিনি এবং তাদের পুনর্বাসন সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী কক্সবাজারের বাঁশখালীর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বেলা ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সোয়া ৩টায় হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
প্রধানমন্ত্রী তার নির্ধারিত ৬টি কর্মসূচি শেষে রাতে চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।





