ঈশ্বরদী জংশনে পাবনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি জানাল জনকল্যাণ সমিতি

প্রকাশ:

পাবনা-ঢাকা আন্তঃনগর রুটে নবনির্মিত ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনটির ঈশ্বরদী রেলওয়ে জংশনে প্রবেশ ও যাত্রাবিরতি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে ‘ঈশ্বরদী জনকল্যাণ সমিতি, ঢাকা’। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ সরকারের রেলমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আশরাফ আলী খান মঞ্জু বলেন, ঈশ্বরদী ও পাবনা শহর একই জেলার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন এই জংশন ব্যবহার করে ঢাকা থেকে খুলনা এবং পার্শ্ববর্তী জেলাগুলোর হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তিনি আরও উল্লেখ করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে ঈশ্বরদী বর্তমানে একটি আন্তর্জাতিক ও অত্যন্ত ব্যস্ততম অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে। ফলে ঈশ্বরদী জংশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকলে এই অঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল আলম বলেন, চলতি মাসেই পাবনা-ঢাকা রুটে পাবনা এক্সপ্রেসের চলাচল শুরু হতে যাচ্ছে। সমগ্র জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থার কথা বিবেচনায় নিয়ে ট্রেনটিকে ঈশ্বরদী জংশনে থামানো অত্যন্ত যৌক্তিক একটি সিদ্ধান্ত হবে। তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলের সাথে ঈশ্বরদী জংশনের সরাসরি সংযোগ রয়েছে, যার ফলে যাত্রীরা সহজেই ট্রেন পরিবর্তন করে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। এছাড়া ঈশ্বরদী জংশন অন্তর্ভুক্ত থাকলে রেলওয়ের রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন