ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং এটি ছিল সর্বস্তরের জনতার যুদ্ধ। শুক্রবার (৭ আগস্ট) রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের ৫৪তম কমিশনিং ডে ও ফেলোশিপ ডে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আক্ষেপ করে বলেন, ১৯৭১ সালের পর যারা ক্ষমতায় ছিল, তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের সামনে তুলে ধরতে চায়নি। তৎকালীন রাজনৈতিক নেতারা মুক্তিযুদ্ধকে একটি রাজনৈতিক সমাধানের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন।
বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের অনেক কিছু শেখার আছে। জাতি পুনরায় ঘুরে দাঁড়িয়েছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক ব্যবস্থাকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না বলে তিনি সতর্ক করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, সরকার যদি কোনো ভুল করে, তবে তা সংশোধন করতে হবে। একই সঙ্গে তিনি আহ্বান জানান, দেশে যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসকের উত্থান না ঘটে।





