দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছেন পলাতক আওয়ামী লীগ নেতারা

প্রকাশ:

জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে অবস্থান করছেন। জানা গেছে, আত্মগোপন করে থাকা দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখন ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিয়মিত দিল্লিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছেন।

সূত্রের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম এক বছর সরাসরি কারো সাথে তার দেখা হওয়ার বিষয়টি জানা যায়নি। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করে এবং দলের সহযোগী সংগঠনের নেতারা নিয়মিত তার সাথে দেখা করতে শুরু করেন। বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেওয়া নিষিদ্ধ সংগঠনটির এক নেতা জানিয়েছেন, শুরুতে অনিশ্চয়তা ও ট্রমার মধ্য দিয়ে কাটলেও, বর্তমানে তারা পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, গত দুই বছর ধরে যারা কারাগারের বাইরে ছিলেন, তারা দল গোছানোর কাজে ব্যস্ত ছিলেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি দলের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাথে যোগাযোগ স্থাপন এবং প্রতিবেদন পাঠানোর মতো কাজগুলো করেছেন।

এদিকে, দেশে ফেরার বিষয়ে সাদ্দাম হোসেন জানান, তারা মানসিকভাবে ও পারিবারিকভাবে ফেরার জন্য প্রস্তুত আছেন এবং এখন কেবল টাইমলাইনের অপেক্ষায় রয়েছেন। শেখ হাসিনা নিজেও বিভিন্ন সময়ে দেশে ফেরার কথা উল্লেখ করেছেন, তবে কবে বা কীভাবে তিনি ফিরবেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন