অ্যাটর্নি জেনারেলকে হুমকি: ৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

প্রকাশ:

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে কর্মরত ৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান নজরুল। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, গত রবিবার (৫ জুলাই) দুপুরে অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে এই ৪ কর্মকর্তা বিচারপ্রার্থী ও অন্যান্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অসংযত আচরণ করেন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ওই সময় অ্যাটর্নি জেনারেলকে সরাসরি ভয়ভীতি দেখানো হয় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার হুমকি দেওয়া হয়। এই পুরো ঘটনার দৃশ্য সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে বলেও নোটিশে জানানো হয়েছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল বলে গণ্য করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেলের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এই শোকজ নোটিশ জারি করেন। নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে এবং কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, এটি কার্যালয়ের অভ্যন্তরীণ বিষয় এবং অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেয়ার করুন