ডেভেলপারদের জন্য মেটার নতুন এআই কোডিং টুল ‘মিউজ কোড’

প্রকাশ:

সফটওয়্যার তৈরি, কোড লেখা এবং কোডিং সংক্রান্ত ত্রুটি শনাক্ত ও সমাধানের লক্ষ্যে ডেভেলপারদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন টুল ‘মিউজ কোড’ উন্মুক্ত করেছে মেটা। বুধবার (৫ আগস্ট) মেটা প্ল্যাটফর্মস জানায়, তাদের সর্বশেষ এআই মডেল ‘মিউজ স্পার্ক ১.২’-এর মাধ্যমে এই টুলটি পরিচালিত হবে।

মেটা জানিয়েছে, দীর্ঘ ও জটিল কোডিং প্রকল্প পরিচালনার জন্য মিউজ কোডকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কঠিন ও সময়সাপেক্ষ কাজ দ্রুত সম্পন্ন করার সুবিধার্থে এতে একাধিক এআই সহকারী বা সাব-এজেন্ট একসঙ্গে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। মিউজ স্পার্ক ১.২ ও মিউজ কোডকে সমন্বিতভাবে প্রশিক্ষণ দেওয়ায় এগুলো ডেভেলপারদের কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

বর্তমানে বিটা সংস্করণে থাকা মিউজ কোডে ব্যবহারকারীর কাজের রেকর্ড সংরক্ষণের সুবিধা রয়েছে। ফলে কোনো কারণে সফটওয়্যার বন্ধ হয়ে গেলেও আগের কাজের জায়গা থেকে পুনরায় কাজ শুরু করা সম্ভব হবে। টুলটি ব্যবহারের জন্য পে-অ্যাজ-ইউ-গো পদ্ধতি অনুসরণ করা হবে। এর স্ট্যান্ডার্ড পরিকল্পনায় প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য খরচ হবে ১ দশমিক ২৫ ডলার এবং আউটপুট টোকেনের জন্য দিতে হবে ৪ দশমিক ২৫ ডলার।

এআইভিত্তিক কোডিং টুলের বাজারে অ্যানথ্রপিকের ক্লড ও ওপেনএআইয়ের কোডেক্সের মতো প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতায় নামল মেটা। এআই সহকারীভিত্তিক সেবা থেকে আয় বাড়াতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে নতুন টুল বাজারে আনছে। এর আগে প্রায় এক মাস আগে ডেভেলপারদের পরীক্ষামূলক ব্যবহারের জন্য ‘মিউজ স্পার্ক ১.১’ উন্মুক্ত করেছিল মেটা, যা জটিল কোডিং চ্যালেঞ্জ তৈরিতে ব্যবহৃত হতো। সেই অভিজ্ঞতাই নতুন মডেলের সক্ষমতা উন্নয়নে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন