বাংলাদেশের ডিজিটাল মার্কেটার, ক্ষুদ্র উদ্যোক্তা এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুক বিজ্ঞাপনের পেমেন্ট বা বিল পরিশোধের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এখন থেকে ফেসবুকের বিজ্ঞাপনের বিল পরিশোধের মাধ্যম হিসেবে বিকাশ যুক্ত হতে যাচ্ছে। ইতোমধ্যে কিছু ব্যবহারকারীর ফেসবুক অ্যাডস ম্যানেজারে পেমেন্ট অপশন হিসেবে বিকাশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু স্ক্রিনশট ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা থেকে জানা যায়, পরীক্ষামূলকভাবে এই সুবিধাটি চালু করা হয়েছে। কয়েকজন ব্যবহারকারী সফলভাবে বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন বলেও জানিয়েছেন। তবে মেটার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এবং সব ব্যবহারকারীর জন্য এই সুবিধাটি উন্মুক্ত করা হয়নি।
বর্তমানে বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করতে হয়। ডুয়াল কারেন্সি এনাবল করা বা ব্যাংকের অনুমোদনের মতো জটিল প্রক্রিয়ার কারণে অনেক নতুন কনটেন্ট ক্রিয়েটর ও ক্ষুদ্র ব্যবসায়ী বিজ্ঞাপন দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। বিকাশ যুক্ত হলে স্থানীয়ভাবে পেমেন্ট করার সুযোগ তৈরি হবে, যা ফেসবুক ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, এফ-কমার্স উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলোর জন্য বড় ধরনের সুবিধা বয়ে আনবে।
বর্তমানে এই সুবিধাটি সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কবে নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এই প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে চালু হলে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমবে এবং বাংলাদেশে ফেসবুকভিত্তিক ব্যবসা ও ডিজিটাল বিজ্ঞাপনের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





