অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, সাকিব আল হাসানের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার আর কোনো সুযোগ নেই। ক্ষমতাচ্যুত পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সাথে অনলাইন কনফারেন্সে যোগ দিয়ে নতুন করে আলোচনায় আসার পর সাকিবকে নিয়ে এমন মন্তব্য করলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, একজন খেলোয়াড় হিসেবে সাকিব এতদিন সবার কাছে সহনশীলতা পেলেও, এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে তিনি মনে করেন না। তিনি আরও বলেন, সাকিব স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সাথে দাঁড়িয়েছেন, তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।
প্রতিমন্ত্রীর মতে, সাকিব যখন খেলোয়াড়ি সত্তা থেকে সরে গিয়ে রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখনই তার ফেরার পথ বন্ধ হয়ে গেছে। তিনি উল্লেখ করেন, যদি সাকিব কখনো দেশে ফেরেন, তবে তাকে অবশ্যই দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিব ও মাশরাফির মামলার বিষয়ে বেশ নমনীয় ছিলেন। সে সময় তিনি বলেছিলেন, দ্রুত আইনি সমাধানের মাধ্যমে তারা যেন ক্রিকেটে ফিরতে পারেন, সেই চেষ্টা করা হবে। তবে সাকিবের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে নিজের পূর্বের অবস্থান থেকে সরে এসেছেন আমিনুল হক।





