সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা একমাত্র জেনারেটরটি দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে পুনরায় সচল হয়েছে। ব্যাটারির সমস্যার কারণে জেনারেটরটি দীর্ঘদিন বিকল হয়ে পড়েছিল। হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় নতুন ব্যাটারি সংযোজন ও প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে এটি পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, জেনারেটরটি অচল থাকায় বিদ্যুৎ বিভ্রাটের সময় অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগসহ জরুরি চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিশেষ করে রাতের বেলা লোডশেডিংয়ের সময় পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে গিয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের মধ্যে এক ধরনের আতঙ্কজনক পরিবেশ ও চরম দুর্ভোগ সৃষ্টি হতো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা জানান, জেনারেটরটির ব্যাটারি অনেক পুরোনো হয়ে যাওয়ায় সেটি বারবার বিকল হয়ে পড়ছিল, যা জরুরি সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। রোগীদের ভোগান্তি লাঘবে হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় নতুন ব্যাটারি স্থাপন করে জেনারেটরটি সচল করার উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও বলেন, এখন থেকে বিদ্যুৎ না থাকলেও অপারেশন থিয়েটার, প্যাথলজি ও অন্যান্য জরুরি চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়া সম্ভব হবে। এতে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ অনেকটাই কমবে এবং হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





