দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৮ জন শিশু আক্রান্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য এখানে তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর ক্ষেত্রেই হামের উপসর্গ ছিল, তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে তাদের মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৬৭ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে। একই সময়ে ২০১ জনের হাম শনাক্ত হয়েছে, যার ফলে নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা ১৬ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যা নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জনে পৌঁছেছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১২ হাজার ৫২৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।





