ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে কড়া মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজারের ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কিসের হাসিনা! তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তিনি আরও অভিযোগ করেন, তারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তবে বাংলাদেশের মানুষ কখনোই তাদের এই রাজনীতি গ্রহণ করবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তা চায়। কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা সফল হবে না।
এর আগে সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ‘ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১’-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি কক্সবাজারের পর্যটন সম্ভাবনা, সমুদ্রসম্পদ, নীল অর্থনীতি, পরিবেশ সংরক্ষণ এবং উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। সমুদ্রভিত্তিক অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারকে শুধু দেশের মানুষের কাছে নয়, বিশ্ববাসীর কাছে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে হবে। তিনি পরিবেশ সংরক্ষণের বিষয়ে সতর্ক করে বলেন, শুধু উঁচু উঁচু ইমারত নির্মাণ করলেই পর্যটনের উন্নয়ন হবে না। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করেই পর্যটন অবকাঠামো গড়ে তুলতে হবে।
পরিবেশগত বিধিনিষেধের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে ইচ্ছেমতো বিভিন্ন এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ হিসেবে ঘোষণা করা হয়েছে। পর্যটনের বিকাশে এসব এলাকার বাস্তব পরিস্থিতি যাচাই করে জরিপ পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের সামুদ্রিক অর্থনীতি ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না উপস্থিত ছিলেন। নতুন ভবন নির্মাণের মাধ্যমে কক্সবাজারে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে এবং স্থানীয় বাসিন্দা, পর্যটক ও সীমান্তবর্তী এলাকার মানুষ উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।





