বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত করতে হলে দলের কেন্দ্রীয় কমিটির অনুমতি নিতে হবে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের রাজনীতিকে তারা ধ্বংস করেছে। অসংখ্য মানুষকে তারা গুম ও খুন করেছে এবং অনেক মায়ের কোল খালি করেছে। এসব কর্মকাণ্ডের জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তিনি আরও উল্লেখ করেন, এখনো পাশের দেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে। তাই শুধু খোলস বদলে দ্রুত রাজনীতিতে ফিরে আসার সুযোগ তাদের নেই।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসসহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।





