আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে দেশে ৬০২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৩৪৪ কোটি ৪০ লাখ টাকা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সদ্য বিদায়ী জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রায় ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসেবে, চলতি অর্থবছরে এক বছরের ব্যবধানে মোট রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।





