রাজধানীর বনানী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক সাতজনের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশু রয়েছে। প্রাপ্তবয়স্কদের নাম মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯) এবং আশিক আহমেদ মোস্তফা (১৯)।
ডিএমপির তথ্য অনুযায়ী, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। বনানী থানা পুলিশের একটি দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং ওই সাতজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়েছে।





