হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ও তাদের আত্মত্যাগের কথা স্মরণ করতে 'জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক সন্ধ্যা' শীর্ষক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত এই স্মরণসভাটি গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও ন্যায়বিচারের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন যে, ইতিহাসের এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করবে এবং শহীদদের আদর্শকে জাতীয় জীবনে যথাযথ মর্যাদায় ধারণ করা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো: রেজওয়ানুল হক তার সমাপনী বক্তব্যে বলেন, ক্যাম্পাসে ছাত্রশিবিরের ব্যানার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের পেছনে সংগঠনের প্রতিটি কর্মীর রক্ত রয়েছে। তিনি ক্যাম্পাসে বৈষম্য দূর করার লক্ষ্যে গণরুম ও গেস্টরুম কালচার বন্ধের আহ্বান জানান। রেজওয়ানুল হক আরও বলেন, প্রতিটি ক্রিয়াশীল ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার জন্য অপরিহার্য।
অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণের পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শাখার উদ্যোগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে ‘জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক সন্ধ্যা’ শীর্ষক বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।





