সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৮

প্রকাশ:

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানাধীন কাশিকাপন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানিয়েছেন, সকালে ঢাকাগামী ইউনিক পরিবহণের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহণের ৭ যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুতর আহত অবস্থায় ৩ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই ইউনিক পরিবহণের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন