পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী বিমা ও টেলিমেডিসিন সুবিধা চালু

প্রকাশ:

দেশের নিট পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের জন্য সহজ শর্তে বিমা সুবিধা চালু করতে যাচ্ছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স। এই উদ্যোগের আওতায় শ্রমিকরা ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা এবং ৫০০টিরও বেশি হাসপাতালে চিকিৎসায় মূল্যছাড় পাওয়ার সুবিধা পাবেন। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় শ্রম ও কর্মসংস্থানসচিব মো. আবদুর রহমান তরফদার, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের কো-ফাউন্ডার তপন চৌধুরী, উদ্যোক্তা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গুঞ্জন বাহাদুর উপস্থিত ছিলেন।

নতুন এই উদ্যোগের ফলে বিকেএমইএর আড়াই হাজারের বেশি সদস্য কারখানার শ্রমিকরা বছরে মাত্র ২৫০ টাকা প্রিমিয়াম জমা দিয়ে এই সেবা গ্রহণ করতে পারবেন, যা মাসে প্রায় ২০ টাকার সমতুল্য। শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও একই সুবিধা পাবেন।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বেসরকারি খাতের এই উদ্যোগের সঙ্গে সরকার আন্তরিকভাবে যুক্ত হলে দেশের সব শ্রমিককে চিকিৎসাসেবার আওতায় আনা সম্ভব। বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বিমা সুবিধার আওতায় আনা একটি যুগান্তকারী মডেল হতে পারে। গার্ডিয়ান লাইফের সহপ্রতিষ্ঠাতা তপন চৌধুরী জানান, স্বল্প প্রিমিয়ামে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। উদ্যোক্তা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর উল্লেখ করেন যে, কাজের পরিবেশ উন্নত হলে কর্মীদের উৎপাদনশীলতা অন্তত ১০ শতাংশ বৃদ্ধি পায়। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সিইও শেখ রকিবুল করিম বলেন, এই চুক্তির মাধ্যমে তারা বিমা সেবাকে বিপদে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরতে চান।

শেয়ার করুন