খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা প্রদান, রাস্তা অবরোধ এবং পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশ প্রদান করেন।
এর আগে, ৪ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জগলুল পাশাকে গ্রেপ্তার করে। পরদিন ৫ আগস্ট তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওই সময় মামলার তদন্তের স্বার্থে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য ৬ আগস্ট দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন এবং আরও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর, রাস্তা অবরোধ এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাবেশে যাওয়ার পথ রুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরদিন ২৯ ডিসেম্বর সকালে খালেদা জিয়া সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে বালুভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন দিয়ে রাস্তা ব্যারিকেড দেওয়া হয়। এ সময় তাকে বাধা দেওয়া হয় এবং নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করা হয়। এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন। এই ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন। দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(বি) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।





