সড়ক দুর্ঘটনাসহ যেকোনো ধরনের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জন্য সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।
আদালত রায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে দুর্ঘটনায় আহত রোগীদের প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন। এছাড়া, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন করে দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসার আইনি বিধান যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আদালত পর্যবেক্ষণ করেন যে, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জীবন রক্ষায় দ্রুত চিকিৎসা দেওয়া অপরিহার্য। কোনো হাসপাতাল বা ক্লিনিক দুর্ঘটনায় আহত রোগীকে ফিরিয়ে দিতে পারে না। মামলার প্রেক্ষাপটে আদালত উল্লেখ করেন, সালাউদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনের দাবি জানালেও বিষয়টি তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। তবে ক্ষতিগ্রস্ত পরিবার আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা নিতে পারবে।
এই রিট মামলায় স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও বিএমডিসি প্রেসিডেন্টসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়েছিল। রিট আবেদনের পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, তাকে সহযোগিতা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার।
মামলার সূত্র অনুযায়ী, ২০১৮ সালের ২৬ জানুয়ারি রাজধানীর সায়দাবাদে ছিনতাইকারীর হামলায় খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম গুরুতর আহত হন। তাকে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা না দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পথেই তার মৃত্যু ঘটে। এই ঘটনার সংবাদ প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট দায়ের করেছিল।





