ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দেশটির কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর ওপর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও ৫০ জন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের কর্মকর্তারা জানিয়েছেন, মারিব ও হাদরামৌত প্রদেশে অবস্থিত সরকারি বাহিনীর ক্যাম্পগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সরকারি বাহিনী তাদের ক্যাম্পে হামলার বিষয়টি নিশ্চিত করলেও, এতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের বিস্তারিত পরিসংখ্যান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এই হামলা নিয়ে হুতি বিদ্রোহীরা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে তারা ইঙ্গিত দিয়েছে যে, খুব শিগগিরই একটি ‘বড়’ সামরিক অভিযান নিয়ে তারা বিবৃতি প্রকাশ করবে।
ইয়েমেনে ২০২২ সালের এপ্রিলে একটি কার্যত যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল। এর ফলে ইরান-সমর্থিত হুতি এবং সৌদি আরব নেতৃত্বাধীন জোটের মধ্যে বড় ধরনের লড়াই অনেকটা থেমে গিয়েছিল। সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা দেশটিতে চলমান সংঘাতের একটি বড় ধরনের বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।





