তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশ:

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক তার জামিন স্থগিত করে এই আদেশ প্রদান করেন। এর আগে গত রোববার (২ আগস্ট) হাইকোর্ট হাফিজুর রহমানকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। সেই জামিন আদেশের প্রেক্ষিতে গত মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই জামিনাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। সেই আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত আগামী রোববার (৯ আগস্ট) পর্যন্ত জামিন স্থগিতের আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় মরদেহ দেখে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছিল। ঘটনার পরদিন তনুর বাবা ও ক্যান্টনমেন্ট বোর্ডের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক ইয়ার হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরাণীগঞ্জের বাসা থেকে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন