জাতীয় স্টেডিয়ামের পরিবেশ দেখে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ:

জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বর্তমান পরিবেশ দেখে গভীর হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে স্টেডিয়াম কমপ্লেক্সে উপস্থিত হয়ে তিনি এর অভ্যন্তরের পরিস্থিতি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি জানান, ঐতিহ্যবাহী এই ক্রীড়া অবকাঠামো তার কাঙ্ক্ষিত পরিবেশ ও মর্যাদা হারিয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই পরিদর্শনের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়াম এলাকাকে একটি আধুনিক, নিরাপদ এবং ক্রীড়াবান্ধব স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু হবে। সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকায় মাদক কেনাবেচা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশি টহল, বিভিন্ন গেটে পুলিশ বক্স স্থাপন এবং মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযান আজ থেকেই শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

এছাড়া সিটি করপোরেশনের সহযোগিতায় স্টেডিয়াম এলাকার ময়লা অপসারণ, রাস্তা সংস্কার এবং জরাজীর্ণ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে। পুরো এলাকা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন প্রতিমন্ত্রী।

ক্রীড়াবিদদের ভাতা সংক্রান্ত জটিলতা নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল হক জানান, আইবাস (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম) পদ্ধতিগত জটিলতার কারণে ২৮ জন ক্রীড়াবিদের ভাতা আটকে ছিল। এর মধ্যে ২৬ জনের সমস্যার সমাধান করা হয়েছে এবং বাকি দু’জনের সমস্যাও দ্রুত নিরসন করা হবে। তিনি আশ্বস্ত করেন যে, কোনো ক্রীড়াবিদের ভাতার অর্থ নষ্ট হবে না।

শেয়ার করুন