ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশ:

দেশের গণতন্ত্র ও অর্জিত স্বাধীনতাকে ক্ষুদ্র স্বার্থে নষ্ট করার যেকোনো অপপ্রয়াস রুখে দিতে দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ‘রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম এবং দেশের ছোট ভাই-বোনেরা তাদের জীবনের বিনিময়ে দেশে গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে এনেছে। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্জিত এই গণতন্ত্র খর্ব করতে বা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কেউ কোনো আঘাত হানলে, জনগণ তা শক্ত হাতে প্রতিহত করবে। তিনি আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং ভবিষ্যতেও করবে না।

এদিনের আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। প্রতিমন্ত্রী বলেন, আজকের দিনটি বিজয়ের আনন্দের পাশাপাশি স্বজনহারাদের জন্য অত্যন্ত বেদনার।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বক্তব্য রাখেন। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই জনসভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন