পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এই তালিকায় থাকা প্রথম দুজন বর্তমানে গ্রেফতার রয়েছেন। তারা হলেন—রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডিআইজি মো. সাইফুল ইসলাম।
তালিকায় থাকা ডিআইজি পদমর্যাদার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত মিরাজ উদ্দিন আহম্মেদ, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত শাহ মিজান শাফিউর রহমান, সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত এস এম মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত জিহাদুল কবির, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত মঈনুল হক, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত মো. ইলিয়াছ শরীফ, এপিবিএন হেডকোয়ার্টার্স ঢাকায় সংযুক্ত শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম রেঞ্জের মো. জাকির হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেন, ঢাকায় এন্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত মো. জামিল হাসান, খুলনা রেঞ্জের মো. মাহবুবুর রহমান এবং সিলেট রেঞ্জের মো. মনিরুজ্জামান।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার যেসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে তারা হলেন—পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত মো. বরকতুল্লাহ খান ও টি.এম. মোজাহিদুল ইসলাম, বরিশাল রেঞ্জের মো. আনোয়ার হোসেন খান, রাজশাহী রেঞ্জের মোহাঃ মনিরুজ্জামান ও মো. মেহেদুল করিম, রংপুর রেঞ্জের মো. আলমগীর কবীর, পিটিসি রংপুরে সংযুক্ত মো. রশীদুল হাসান, রংপুর রেঞ্জের সঞ্জয় কুমার কুণ্ডু, সিলেট রেঞ্জের মো. নিজামুল হক মোল্যা, ঢাকায় এন্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত এস এম এমরান হোসেন, খাগড়াছড়িতে এপিবিএন বিশেষ ট্রেনিং সেন্টারে সংযুক্ত মুহাম্মদ সাইদুর রহমান খান, রংপুর রেঞ্জের ড. শামসুন্নাহার, রংপুর রেঞ্জের মো. সাইফুল্লাহ আল মামুন, রাজশাহী রেঞ্জের খান মুহাম্মদ রেজোয়ান, খুলনা রেঞ্জের মো. সাজিদ হোসেন, রংপুর রেঞ্জের শেখ রফিকুল ইসলাম এবং রাজশাহী রেঞ্জের মো. মাশরুকুর রহমান খালেদ।
এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের মোল্লা জাহাঙ্গীর হোসেন এবং ময়মনসিংহ রেঞ্জের মো. আব্দুল্লাহ আরেফকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।





