জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত কোনো শক্তির এ দেশে রাজনীতি করার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন যে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। তবে সরকার কোনো নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দলটিকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং বিচারিক আদালতই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
গতকাল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অভ্যুত্থান একদিনে হয়নি, বরং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপির ছাত্রদল, যুবদলসহ ফ্যাসিবাদবিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের ত্যাগের ফসল। তিনি বলেন, যখন কোনো আন্দোলনকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দেওয়া হয় না, তখনই তা সহিংস ও রক্তাক্ত রূপ নিতে বাধ্য হয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায় হয়েছে এবং দাফন হয়েছে দিল্লিতে—এমন মন্তব্য করে তিনি আরও বলেন, ৭১-এর চেতনাকে পুঁজি করেই তারা এতদিন টিকে ছিল।
সালাহউদ্দিন আহমদ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবিধানিক সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংস্কার কমিশন ও রাজনৈতিক আলোচনার পাশাপাশি সংসদে সংবিধানের ১৮তম সংশোধনী গ্রহণ করা প্রয়োজন, যা শতাব্দীর সবচেয়ে ঐতিহাসিক সংশোধনী হিসেবে গণ্য হবে। তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের আহ্বান জানান যাতে গণভোটের রায় কার্যকর করা যায়। এছাড়া তিনি ইলিয়াস আলীসহ অতীতে গুম হওয়া অসংখ্য মানুষের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।





