বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রকাশ:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওই স্কুলছাত্রী গত ২৬ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তদের কৌশলের শিকার হয়। অভিযোগ অনুযায়ী, তাকে স্থানীয় একটি বাগান এলাকায় নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে পেরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামি রাহাত, সিয়াম ও ইমনকে গ্রেপ্তার করে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীর পরিবার জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শেয়ার করুন