নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী এবং জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ সংগঠনটির মোট ছয়জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার। বুধবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে বাবুল সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামিরা সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে আরও দাবি করা হয়েছে, বাদী বাবুল সরকার এবং রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন প্রতিবাদ করলে আসামিরা তাদের ওপর লাঠি, দেশীয় অস্ত্র, এসএস পাইপ, হকিস্টিক ও চেয়ার নিয়ে হামলা চালান। এই হামলায় আল নুর মোহাম্মদ আয়াসসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গ্রেপ্তারের আগে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় শান্তা ফারজানাসহ ছয়জনকে থানায় নিয়ে যাওয়া হয়। মূলত নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার দুই দফা সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পন্ন হয়।
বুধবার (৫ আগস্ট) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বাবুল সরকার নামে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। ওই মামলায় ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে।





