রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির কেজি এখন ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এমনকি কিছু সবজির দাম ২০০ টাকাও ছাড়িয়ে গেছে।
বাজারের তথ্য অনুযায়ী, শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা, টমেটো ১৩০ থেকে ১৫০ টাকা এবং গাজর ১১০ থেকে ১৩০ টাকা কেজি দরে। এছাড়া বেগুন, বরবটি, করলা, ঝিঙা, কাঁকরোল ও কচুর লতির দামও ৮০ থেকে ১২০ টাকার মধ্যে অবস্থান করছে। তবে তুলনামূলক কম দামে মিলছে কাঁচা পেঁপে (৩০–৪০ টাকা), পটল (৬০–৭০ টাকা), ঢ্যাঁড়স (৬০–৮০ টাকা), চিচিঙ্গা (৬০–৭০ টাকা) ও মিষ্টি কুমড়া (৪০–৬০ টাকা)।
ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির কোনো ঘাটতি না থাকলেও কার্যকর তদারকির অভাবে দামের এই অস্বাভাবিক ঊর্ধ্বগতি। অনেকেই বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় কম সবজি কিনছেন। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টি, উৎপাদন ব্যাহত হওয়া, সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণেই খুচরা বাজারে সবজির দর বেড়েছে।
সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা এবং কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভোক্তাদের মতে, বাজারে নিয়মিত ও কার্যকর মনিটরিং জোরদার করা হলে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।





