সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মেহর নিউজ এজেন্সির তথ্যমতে, আমিরাতের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে যে, মাত্র ২০ মিনিটের ব্যবধানে এলাকাটিতে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বিস্ফোরণের পর দুবাইয়ের আকাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে এবং একটি আবাসিক এলাকার কাছে কালো ধোঁয়া উড়ছে। তবে এনডিটিভি জানিয়েছে, এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বিস্ফোরণের ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে শিল্প এলাকায় ঠিক কী কারণে এসব বিস্ফোরণ ঘটল, সে বিষয়ে আমিরাতের কর্মকর্তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। নাসার থার্মাল ইমেজিং রিপোর্টের বরাতে মেহর নিউজ জানিয়েছে, হামলায় শিল্প এলাকা সংলগ্ন একটি গুদামে আগুন লেগেছে। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আল ফুরজানের স্থানীয় বাসিন্দারা এওএল নিউজকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন।
ইরাকের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে যে, ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার সময় এই হামলা হয়েছে। জেবেল আলি এলাকাটি দুবাই শহরের কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেনাকাটার কেন্দ্র হিসেবে পরিচিত। এলাকাটিতে কৃত্রিম দ্বীপপুঞ্জ 'পাম জেবেল আলি' এবং বিশ্বের অন্যতম বৃহত্তম মানবসৃষ্ট বন্দরের পাশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল রয়েছে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।





