জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল

প্রকাশ:

রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী) আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার অনুষ্ঠানটি চলাকালীন প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা দ্রুত স্টেজ ও প্রেক্ষাগৃহে অবস্থান নেন।

অনুষ্ঠান সূত্রে জানা গেছে, প্রদর্শিত তথ্যচিত্রটিতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত চিত্র সঠিকভাবে ফুটে ওঠেনি এবং বিশেষ করে ৩ আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ বাদ দেওয়া হয়েছে—এমন অভিযোগে উপস্থিত অতিথিদের একাংশ ক্ষুব্ধ হয়ে হইচই শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। তিনি উপস্থিতদের শান্ত হওয়ার অনুরোধ জানালেও প্রতিবাদ অব্যাহত থাকে।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পরিস্থিতি স্বাভাবিক করতে মঞ্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে আহ্বান জানান। আখতার হোসেন মঞ্চে উঠে আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ডকুমেন্টারিতে থাকা অসংগতিগুলো আমরা লক্ষ্য করেছি এবং এ বিষয়ে মন্ত্রণালয়ে জবাবদিহি চাওয়া হবে। তবে আজকের ঐতিহাসিক দিনে শহীদ পরিবারের সম্মানে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

পরিস্থিতি শান্ত করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান তাৎক্ষণিক বক্তব্যে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই আন্দোলন ও গণ-অভ্যুত্থান আমাদের সবার। তথ্যচিত্রে ৩ আগস্টের ঘটনাসহ যে অসংগতি রয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর এই ঘোষণার পর প্রতিবাদকারীরা শান্ত হন এবং অনুষ্ঠানের পরিবেশ স্বাভাবিক হলে বাকি কর্মসূচি সম্পন্ন হয়।

শেয়ার করুন