গুলিস্তানে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশ:

রাজধানীর গুলিস্তান এলাকায় শনিবার (৪ জুলাই) বিকেলে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিছিলের উদ্দেশ্যে উভয় দলের নেতাকর্মীরা ফুলবাড়িয়া এলাকায় জড়ো হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের নেতাকর্মীরা গণমিছিলের জন্য ফুলবাড়িয়া এলাকায় সমবেত হলে বিএনপির কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় জামায়াতের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে জামায়াতের গুলিস্তান সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও মোবাইল পার্টস ব্যবসায়ী কবির আহমেদ গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহবাগ থানা জামায়াতের সেক্রেটারি নুরুন্নবী রায়হান জানিয়েছেন, জুলাই মাসের কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। তার ভাষ্যমতে, স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

অন্যদিকে বিএনপির দাবি, গুলিস্তান ও ফুলবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের লোকজন মিছিল করতে পারে এমন আশঙ্কায় তাদের অঙ্গসংগঠনের কর্মীরা সেখানে মিছিল করছিলেন। এ সময় জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে দাবি তাদের। এই সংঘর্ষে বিএনপির ছয়জন কর্মী আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিস্তানের নগর প্লাজা মার্কেট নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছে। সম্প্রতি সমবায় অধিদপ্তর আগের কমিটি ভেঙে দিয়ে নতুন নির্বাচনের লক্ষ্যে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে। পুরোনো কমিটিতে জামায়াতের লোকজন ছিল। মার্কেট কেন্দ্রিক এই বিরোধের জের ধরেই শনিবার উভয় পক্ষ ফুলবাড়িয়ায় জড়ো হয়েছিল এবং একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সরিয়ে দেয়। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

শেয়ার করুন