বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে এই ইতিহাসের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 'জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরটির ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি সেখানে সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শন, আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং বিভিন্ন স্মারকসমূহ পরিদর্শন করেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জাদুঘর উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছিলেন। মন্ত্রী জানান, উদ্বোধনের দিন অর্থাৎ বুধবার জাদুঘরটি শুধুমাত্র বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী আরও জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।





