জুলাই গণঅভ্যুত্থান সর্বস্তরের মানুষের, ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. ইউনূসের

প্রকাশ:

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই মাসটি কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়, বরং এটি সর্বস্তরের মানুষের অর্জন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ বিবৃতিতে তিনি এ কথা বলেন। ড. ইউনূস জানান, জুলাই গণঅভ্যুত্থান গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবে। ৩৬ দিনের এই মাসটি আমাদের স্মৃতিতে দীর্ঘ এবং এই সময়ে জাতি অন্যায়ের বিরুদ্ধে যে অসীম শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল, তা স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে তিনি জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ড. ইউনূস উল্লেখ করেন, রিকশাচালক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এছাড়া যুদ্ধ পরিস্থিতির মতো ঝুঁকিপূর্ণ পরিবেশে চিকিৎসকরা আহতদের জীবন রক্ষায় যে ভূমিকা রেখেছেন, তাও তিনি বিশেষভাবে তুলে ধরেন। প্রবাসে থাকা বাংলাদেশিদের আন্দোলনের প্রতি সমর্থনকেও তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

জুলাই আন্দোলনে নারীদের সাহসিকতার কথা বিশেষভাবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, নারীদের এই বীরত্ব আগামী প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। একইভাবে শিক্ষার্থীদের নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে আমাদের মূল শিক্ষা হলো, দেশের সর্বস্তরের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তবে সবচেয়ে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোকেও পরিবর্তন করা সম্ভব। পরিশেষে, গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতিকে ঐক্যবদ্ধভাবে দৃঢ় সংকল্প নেওয়ার আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।

শেয়ার করুন