জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। তিনি বলেন, হল দখলের পাঁয়তারা এবং ক্যাম্পাস নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা পুনরায় শুরু হয়েছে। জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম তার বক্তব্যে সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া, ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তিনি হবিগঞ্জে আলিফ নামের এক কর্মীর চোখ উপড়ে ফেলার ঘটনার কথাও জানান।
সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কোনো ঝামেলায় না জড়াতে এবং তাদের নির্বিঘ্নে পড়াশোনা করার সুযোগ দিতে বলেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপরও জোর দেন। বিরোধীদলীয় চিফ হুইপ সরকারের সমালোচনা করে বলেন, 'এই সরকার মনে করছে, তারা ক্ষমতায় আছে, সব দখল করবে। এটা শেখ হাসিনা ভেবেছিল, এর পরিণতি আপনারা দেখেছেন।'
জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গণঅভ্যুত্থানের 'ট্রাম্প কার্ডের' মতো ছিল। স্বৈরাচারী সরকার ভাবতেই পারেনি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে আন্দোলনে নেমে আসবে। তিনি আরও উল্লেখ করেন, সতেরো জুলাইয়ের দমন-পীড়নের পর যখন সবাই ভেবেছিল আন্দোলন এগিয়ে নেওয়ার মতো কেউ নেই, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের ভূমিকার স্বীকৃতি ও ডকুমেন্টেশন প্রয়োজন বলে মন্তব্য করেন। তবে দুঃখ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এই সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দলের রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতারা।





