জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর কর্মসূচিতে ছাত্রদলের হামলা, আহত ভিপি-জিএস

প্রকাশ:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কর্মসূচিতে ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ হামলার শিকার হন জকসু প্রতিনিধিরা। এতে জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত হয় যখন জকসুর প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং মেডিক্যাল সেন্টারের চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা উন্নয়নের মতো বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করছিলেন। ইউজিসি চেয়ারম্যানের সামনে এই দাবিগুলো তুলে ধরার উদ্দেশ্যে তারা প্ল্যাকার্ডসহ কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী ও জকসু প্রতিনিধিদের অভিযোগ অনুযায়ী, মিলনায়তনে প্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয়। এরপর জকসুর প্রতিনিধিদের সাথে ছাত্রদলের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সংশ্লিষ্টদের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। এ সময় জকসু প্রতিনিধিদের কাছ থেকে প্ল্যাকার্ড ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়।

পরবর্তীতে আহত জকসু ভিপি, জিএস এবং কয়েকজন সাংবাদিক চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানেও তাদের ওপর হামলার ঘটনা ঘটে। জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন