মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন, যাকে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমাদ জানান, সোমবার ৩ আগস্ট বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটি বাড়িতে সংঘর্ষের খবর পায় পুলিশ। খবর পেয়ে লিঙ্গি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। অভিযানে ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তের পর লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে নিহত তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত, আহত এবং আটক ব্যক্তি—সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। পুলিশের ধারণা, এই সংঘর্ষের ঘটনাটি একাধিক স্থানে সংঘটিত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও ধারাবাহিকতা উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
দাতুক আলজাফনি আহমাদ জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। মঙ্গলবার তাকে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে। মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলাটি দায়ের করা হয়েছে, তবে সংঘর্ষের মূল উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।





