ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকে সরাসরি ‘ফাঁসির মঞ্চে’ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (০৩ আগস্ট) ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনসিপির এক আলোচনা সভায় তিনি এই কড়া হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসেন এবং তারেক রহমান যদি দিল্লির সঙ্গে সমঝোতা করে তার দেশে আসার ব্যবস্থা করেন, তবে আমরা প্রস্তুত আছি। তিনি আরও বলেন, এয়ারপোর্ট থেকে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। চৌদ্দশ শহীদ পরিবার এবং ৩০ হাজার আহত যোদ্ধা এ বিষয়ে আমাদের সাথে থাকবে এবং ফাঁসি কার্যকর না করা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো।
অনুষ্ঠানে এনসিপি প্রধান স্পষ্ট করেন যে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেননি, বরং ‘ফ্যাসিবাদী ব্যবস্থা’ বিলোপের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, দেশকে আমরা আর কোনো স্বৈরতন্ত্র, দুর্নীতি বা চাঁদাবাজির স্বর্গরাজ্য হতে দেব না।
জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তির এই দিনে তিনি উল্লেখ করেন, শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা এসেছিল। এই ঐতিহাসিক দিনটি তারা শহীদ পরিবার ও আহতদের সঙ্গে কাটাতে চান, কারণ জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধারাই এক দফার আসল কারিগর। এছাড়া, জুলাই আন্দোলনের পর দেশের রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আসেনি বলেও তিনি মন্তব্য করেন।




