সরকারি কোনো অনুষ্ঠানে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। এই বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে হাসান শিপলু জানান, রবিবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কের পাশে একটি মন্ত্রণালয়ের কর্মসূচির ব্যানার ও ফেস্টুনে নিজের ছবি প্রদর্শন করতে দেখেন। সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছানোর পর তিনি মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্রটি জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত ওই পরিপত্রে স্পষ্ট বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য তৈরি ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রি-ডি বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
পরিপত্রে আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে, সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির সময় অনুষ্ঠানের বিষয়বস্তুকেই প্রধান গুরুত্ব দিতে হবে। সেইসাথে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে। নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে। এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।





