সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। মন্ত্রণালয় জানায়, এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘জরুরি সংশোধনী’ হিসেবে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিভাগটি দাবি করেছে, ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যে সকল অভিযোগ তাদের কাছে এসেছে, তা বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো কর্তৃক সফলভাবে সমাধান করা হয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই বলে তারা উল্লেখ করেছে।
বিদ্যুৎ বিভাগ আরও জানিয়েছে, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যদি প্রকৃত কোনো অভিযোগ থাকে, তবে তারা যেন প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। অভিযোগ প্রমাণিত হলে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।





