আগামী ৫ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি অংশগ্রহণ করার বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্টভাবে জানতে চেয়েছে বাংলাদেশ। সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে প্রকাশ্যে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ৫ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গেছে।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে মেরিটাইম নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছেন, যা ইন্দো-প্যাসিফিক কৌশলের আওতাভুক্ত। এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তি যদি দেশের স্বার্থ রক্ষা করে, তবে তার ধারাবাহিকতা বজায় রাখা হবে বলেও তিনি মন্তব্য করেন।





