পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্র সৈকতে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। গত শনিবার দীঘা স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এই পরামর্শ দেন। মন্ত্রী জানান, সপ্তাহান্তে প্রচুর পর্যটক দীঘায় আসেন এবং সমুদ্রে নামেন। অনেকে শাড়ি বা সালোয়ার কামিজ পরে গোসল করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তিনি সমুদ্রস্নানের উপযোগী পোশাক বা সুইমসুট ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
তবে তিনি স্পষ্ট করেছেন যে, সৈকতে শাড়ি বা সালোয়ার কামিজ পরা নিষিদ্ধ করা হচ্ছে না। শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই সুইমসুট পাওয়া যায়। যদি তাতে কারো অসুবিধা থাকে, তবে শাড়ি বা সালোয়ার কামিজ পরা যেতে পারে, তবে এক্ষেত্রে উজ্জ্বল রঙের পোশাক বেছে নেওয়া উচিত যাতে তাদের সহজেই চিহ্নিত করা যায়।
পর্যটকদের নিরাপত্তা ও সৈকতের পরিবেশ উন্নত করতে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সৈকত ও এর সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য ও মদ্যপান নিষিদ্ধ করা হচ্ছে। পর্যটকদের জরুরি সেবার সুবিধার্থে রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে বার্ন কেয়ার ইউনিট স্থাপন করা হবে। এছাড়া সৈকতে ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত বিশেষজ্ঞ মোতায়েন এবং লাইফগার্ডিং ব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার সংবাদে বলা হয়, গতকাল শনিবার, দীঘা স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান শারদ্বত মুখোপাধ্যায়।





