পুলিশ সদস্যরা এখন থেকে দায়িত্ব পালনের সময় একসঙ্গে চা খেতে যাওয়া কিংবা বিশ্রামে যেতে পারবেন না। এই নতুন নির্দেশনা সম্বলিত একটি সতর্কবার্তা ইতোমধ্যে পুলিশের সব ইউনিটে পাঠানো হয়েছে। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব পালনকালে পুরো টিম একসঙ্গে গাড়ি রেখে কোথাও যেতে পারবে না। নিরাপত্তার স্বার্থে অন্তত একজন সদস্যকে সবসময় গাড়ির কাছে অবস্থান করতে হবে। তিনি এটিকে পুলিশের স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে উল্লেখ করে বলেন, বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু ও পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের ঘটনার প্রেক্ষাপটে এই সতর্কতা আরও জোরদার করা হয়েছে। মতিঝিলে মেট্রোরেলের পিলারের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধার এবং আশুলিয়ায় দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া ব্যাগের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। রথযাত্রার নিরাপত্তা নিয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ব্যবস্থাপনায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে উল্টো রথযাত্রার দিন মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনার মাধ্যমে কোনো পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে কি না, সেটিও তদন্তাধীন রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অতীতের তুলনায় এ ধরনের ঘটনা এখন অনেক কম। উগ্রবাদী কর্মকাণ্ড বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো চেষ্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে সতর্ক রয়েছে। আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নাশকতা চালানোর মতো সক্ষমতা আছে বলে তার মনে হয় না। তিনি উল্লেখ করেন, দলটি বর্তমানে নিষিদ্ধ এবং বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু তৎপরতার আভাস ছাড়া উল্লেখযোগ্য কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার বিষয়ে তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।





