ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

প্রকাশ:

ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেশটির ওপর ব্যাপক সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পর এই নতুন আলোচনার তথ্য সামনে এলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এই আলোচনা প্রক্রিয়া শুরু হতে পারে।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তারা হামলার ব্যাপকতা সম্পর্কে অবগত ছিল, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। তিনি জানান, আমরা তাদের সঙ্গে আলোচনা করছি এবং এটি আগামীকাল বিকেলে শুরু হবে। এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, চুক্তির পরিধি নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের অনুরোধে তিনি হামলা স্থগিত রেখেছেন।

ট্রাম্প আরও জানান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে এই হামলা না চালানোর অনুরোধ করেছিলেন। তিনি বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। তারা অনুরোধ করেছে কারণ তারা মনে করে একটি চুক্তি হয়েছে। হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে তেহরানের সঙ্গে চুক্তি সম্পন্ন করার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে তিনি অস্বীকৃতি জানান এবং বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমি মানুষ হত্যা করতে চাই না।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি। তাদের দাবি, সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধ করেনি এবং ট্রাম্পের বক্তব্য নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির আলোচনা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। তবে সোমবারের আলোচনার স্থান বা অংশগ্রহণকারীদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট এখনো কোনো স্পষ্ট তথ্য দেননি।

সোমবার (০৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন