আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ ৫ জুলাই ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণের ক্ষেত্রে ‘বাংলাদেশ নীতি’ অনুসরণ করা হচ্ছে এবং এই নীতির মাধ্যমেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী হয়ে উঠবে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর একটি অবিচ্ছেদ্য অংশ। প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বর্তমানে সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এবং বিভিন্ন ধরনের নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব বহুমুখী হুমকি মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর কৌশল গ্রহণের কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।





