টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আনিসুর রহমান যৌথভাবে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধন করেন। হাতে জ্বালানো মোমবাতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা আরও বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের যে প্রত্যয়, তা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর আগে শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন ও আলোক প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।





