উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, লক্ষ্যবস্তু প্রশাসক ও এমপি

প্রকাশ:

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ রোববার (২ আগস্ট) এক জরুরি বার্তায় জানিয়েছে, এসটিএস পরিচালনার কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের একটি পক্ষ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এই সংঘর্ষে ডিএনসিসির ১৪ জন কর্মী আহত হয়েছেন, যাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডিএনসিসির দাবি অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমাধানের লক্ষ্যে ঘটনাস্থলে ডিএনসিসি প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছালে তাদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে এই ঘটনায় প্রশাসক ও এমপি শারীরিকভাবে আহত হননি। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

শেয়ার করুন