সিলেটের ওসমানীনগর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র দক্ষিণ গোয়ালা বাজারে স্থানীয় জনতার তৎপরতায় দেশীয় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয়রা তাদের আটক করেন।
আটককৃতদের তল্লাশি চালিয়ে স্থানীয়রা দেশীয় অস্ত্র উদ্ধার করেন। এরপর খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। বর্তমানে আটককৃতরা থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের শিপন আহমদ (৩৮), একই গ্রামের রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোস্তফা আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতার মাধ্যমে অস্ত্রসহ তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র জব্দ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





