বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি প্রভাবমুক্ত বিচার বিভাগ গঠন করতে পারলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। তিনি মনে করেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সুদৃঢ় করার মাধ্যমে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব। রোববার (২ আগস্ট) বেলা ২টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার পর দেশে নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, 'গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো এমনিতেই হয়ে যায়। আমরা যদি একটি প্রভাবমুক্ত বিচার বিভাগ তৈরি করতে পারি, তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন।'
প্রশাসনের দক্ষতা এবং সংসদীয় কমিটির সক্রিয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রশাসনকে দক্ষ করে গড়ে তুলতে পারলে রাষ্ট্র উপকৃত হবে। সংসদীয় কমিটিগুলো কার্যকর হলে গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে। তিনি আরও বলেন, দেশে নানা সমস্যা ও রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু সেই প্রতিকূলতার মধ্য দিয়েও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্রকে টিকিয়ে রাখা সম্ভব হবে।
ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উদাহরণ টেনে বিএনপির মহাসচিব বলেন, প্রতিবেশী দেশ ভারতে অনেক সমস্যা থাকলেও তাদের গণতন্ত্র টিকে আছে। এর কারণ হিসেবে তিনি তাদের স্বাধীন বিচার বিভাগ, দক্ষ প্রশাসন এবং শক্তিশালী গণমাধ্যমকে চিহ্নিত করেন।
আইনজীবী ও বিচারকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'রুল অব ল অ্যান্ড জাস্টিস' বা আইনের শাসন ও ন্যায়বিচার—এই দুটি বিষয়কে সব সময় ধরে রাখার চেষ্টা করতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, দুর্ভাগ্যবশত বেশ কিছু সময় ধরে জাতি এই জায়গাগুলো থেকে বঞ্চিত হয়েছে। আগামী দিনগুলোতে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ইনসাফ কায়েম করতে চান বলে তিনি জানান।





