জুলাই সনদের বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সরকার সেভাবেই তা বাস্তবায়ন করবে এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। রোববার বিকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন শহীদরা দেখেছিলেন, তা বাস্তবায়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। একটি সত্যিকার অর্থে সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং কোনো ধরনের বৈষম্য থাকবে না—এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, অনেকে আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ স্থায়ী পঙ্গুত্ববরণ করেছেন। তাদের দীর্ঘমেয়াদী সহযোগিতা ও সহায়তার বিষয়ে সরকার সর্বোচ্চ আন্তরিক। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জুলাইয়ের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার কাজ চলছে। তবে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের প্রভাব স্বল্প সময়ে দূর করা কঠিন হলেও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় মানুষের পরিচয় ছিল কেবল ‘বাংলাদেশ পন্থী’। সরকার সেই বাংলাদেশই প্রতিষ্ঠা করতে চায় যেখানে আইনের শাসন, বাকস্বাধীনতা ও মানবাধিকার থাকবে এবং গুম-খুন-হামলা-মামলার মতো ঘটনা ঘটবে না।

শেয়ার করুন